২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬১০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি এবং সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আমরা আশা করছি, আপনারা প্রতিজন এই চারা গুলো নিয়ে স্ব- স্ব আঙ্গিনা এবং জমিতে লাগাবেন, যাতে করে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
এসময় কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের
৪১০ জন কৃষককে জনপ্রতি ৫ টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫ টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
এছাড়া ২০০ জন কৃষককে গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০ টি লেবুর চারা এবং ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।
