parbattanews

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মশিউর রহমান, পিএসসির সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি এবং নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিতকল্পে করণীয়, স্থানীয় প্রতিষ্ঠানসমূহ ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা বিঘ্ন ঘটে এরুপ ঘটনা রোধে করণীয়, আসন্ন দুর্গাপূজা চলাকালীন নিরাপত্তা সম্পর্কিত সমন্বয়, আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি, মব ভায়োলেন্স রোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিতগণ নিজ নিজ ক্ষেত্রে থেকে বিভিন্ন সমস্যার কথা এই সভায় আলোচনা করেন।

সভায় কাপ্তাই জোনের দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সার্কেল এসপি (কাপ্তাই), উপজেলা নির্বাহী কর্মকর্তা (রাজস্থলী ও কাপ্তাই), অধিনায়ক ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, পুলিশ এবং স্থানীয় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোন পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানানো হয়।

 

Exit mobile version