কাপ্তাই পাল্পউড বাগানে বন্যহাতির মৃত্যু


রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান রাইখালী মতি পাড়ায় বন্যহাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বন বিভাগ মৃত হাতিটি উদ্ধার করেছে।
কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মতি পাড়া কাঠালতলী এলাকায় বনের মধ্যে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটি দেখতে পাই। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী ও চট্রগ্রাম বন্যপ্রাণী টিম ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরোও জানান, হাতিটি বয়স অনেক বেশি। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে।
বন্যহাতির মৃত্যুর সংবাদ শুনে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম(ডিএফও) ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে বলে জানান তিনি।

















