parbattanews

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি স্বল্পতার ফলে পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে সর্বনিম্ন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রচণ্ড খরা এবং শুষ্ক মৌসুমে হ্রদে পানি স্বল্পতা দেখা দেয়। যার ফলে বিদ্যুৎ উৎপাদন ২৩০ মেগাওয়াট থেকে দিন দিন কমে আসছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পিডিবি) কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে দিন দিন হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে।

বাকি চারটি ইউনিট সচল থাকলেও পানি স্বল্পতার কারণে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হ্রদে এ মৌসুমে পানি থাকার কথা ৮৪.০০ এমএসএল (মিন সি লেভেল), কিন্তু বর্তমানে হ্রদে পানি আছে ৭৭.৭০ এমএসএল পর্যন্ত। দিন দিন হ্রদের পানি হ্রাস পাচ্ছে।

তবে মুষলধারে বৃষ্টিপাত হলে লেকের পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে বলে বিউবো সূত্রে জানা যায়।

Exit mobile version