কুতুবদিয়ায় আগুনে পুড়েছে ৩ বাড়ি, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি


কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বড়ঘোপ মুরালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে মুরালিয়া গ্রামে জসীম উদ্দিনের ঘরে প্রথমে আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে আসেন। তবে আগুন ছড়িয়ে পড়ে পাশের আব্দুল করিম ও সাহেদের বাড়িতেও।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহম্মদ জানান, শনিবার রাতে মুরালিয়া গ্রামে পর্যায়ক্রমে ৩টি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ২টি টিম পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে।

















