কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা


কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কৈয়াবিল সেন্টার নামক ব্রিজের পাশে এই ঘটনা ঘটেছে। নিহত মোস্তফা বাপ্পি(২৭) মতিরবাপের পাড়ার কাইমুল হুদার ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, রবিবার দুপুর একটার দিকে মোস্তফা বাপ্পি ব্রীজের পাশে গাছের নীচে ছায়ায় বসেছিল। অতর্কিতভাবে ৫/৬ জন যুবক ছুরি দিয়ে বাপ্পিকে আঘাত করতে থাকে। এসময় বাপ্পি দৌড়ে পাশের মার্কেটে আশ্রয় নিতে গিয়ে লুটিয়ে পরে।
আশপাশের ব্যবসায়ীরা দৌড়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
হাসপাতালে নিয়ে আসা মামুন জানান, বেশ কিছুদিন ধরে ব্রীজের পাশে মাছ ধরতে জাল বসানো নিয়ে স্থানীয় একজন সমন্বয়কের সাথে বিরোধ ছিল।
বিরোধের বিষয়ে বাপ্পি সাংবাদিকদের বক্তব্য দেয়ায় গত সেপ্টেম্বরে কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা করে। এঘটনায় ওই সমন্বয়কসহ বেশ কয়েকজনকে আসামাী করে থানায় মামলা করেন বাপ্পি।
থানার অফিসার ইনচার্জ মো: আরমান হোসেন বলেন, পুর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

















