কুতুবদিয়ায় পৃথক ঘটনায় মা-ছেলেসহ দগ্ধ ৩ জন


কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকালে আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এবং বড়ঘোপ মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গ্রাম পুলিশ শাহজাহান জানান, সকালে তার স্ত্রী রুমি আক্তার (২৮) বাড়িতে সন্তানের আঙুলের ক্ষতস্থানে ব্যবহারের জন্য ওষুধ তৈরির উদ্দেশ্যে পানি গরম করার সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এতে রুমি এবং তার তিন বছরের ছেলে মো. জিহাদ দগ্ধ হয়। পরে তিনি সন্তানকে কোলে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায়।
এদিকে একই দিন সকাল ১০টার দিকে বড়ঘোপ মাতবর পাড়ায় মীর কাশেমের সাড়ে তিন বছর বয়সী ছেলে আব্দুর রহমান গরম পানিতে দগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কুতুবদিয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নেছারুল করিম জানান, রুমি আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ, আর জিহাদের ৪০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।
















