parbattanews

কুতুবদিয়ায় বাপ্পি হত্যার আসামি আটক

কক্সবাজারের কুতুবদিয়ার চাঞ্চল্যকর বাপ্পি হত্যা মামলার ৩ নাম্বার আসামি শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশ এলাকা থেকে তাকে আটক করা হয়।

খালে জাল বসানোর বিরোধ নিয়ে গত বছর (২০২৫) ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম লেমশীখালী মতির বাপের পাড়ার কাইমুল হুদার ছেলে মো: বাপ্পিকে(২০) কৈয়ারবিল সেন্টারস্থ স্থানে ছুরিকাঘাতে খুন করা হয়।

এঘটনায় উপজেলা এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালী ও তার ভাই শামসুজ্জামান দুদুসহ ৯জনকে আসামি করে নিহতের মা রুজিনা আক্তার বাদি হয়ে থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে ঘটনার দিন পালিয়ে যাবার সময় ঘাট থেকে জনতা ধরে থানায় সোপর্দ করে। অন্যান্য আসামিরা আটক না হওয়ায় ভুক্তভোগী পরিবার মানববন্ধনও করেছিল তখন।

থানার ওসি মো: মাহবুবুল হক বলেন, বাপ্পি হত্যা মামলার ৩ নম্বর আসামি শামসুজ্জামান দুদুকে চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা প্রবাল সিনহা শনিবার ধৃত আসামিকে কুতুবদিয়ায় নিয়ে আসতেছেন বলেও জানান তিনি।

Exit mobile version