কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাড়ি পুড়ে ছাই

fec-image

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সদর বড়ঘোপ বাজার কেন্দ্রীয় কালী মন্দির পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কুতুবদিয়া মহিলা কলেজের অফিস সহকারী চন্দন দাস জানান, সন্ধ্যায় পুকুরে হাত ধোয়ার সময় তিনি পাশের সৌরভ শীলের বাড়িতে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন এবং আশপাশের লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সন্টু শীল, তপন শীল, রবি শীল, জনি শীল ও বলরাম শীলের বাড়িতে। পাশাপাশি খোকন শীলের বাড়িতেও আগুন লাগে। এছাড়া আগুনের সুযোগে পাশের ফরিদের টিআইকে টেইলার্স থেকে প্রায় ৬০ হাজার টাকার কাপড়-চোপড় ও মেশিন চুরি যায় বলে জানান টেইলার তাফসির।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত দুটি গাড়ি ও পুরো টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, ৩ বাড়ির ৬ পরিবারের ঘরবাড়ি পুড়ে অন্তত ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন। মন্দিরের পাশেই আগুন লাগায় নৌবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা বিশেষ নিরাপত্তা ও সতর্কতা গ্রহণ করে।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন