কুতুবদিয়ার ট্রলারডুবিতে দুই জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১


কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন এক জেলে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দু’জন হলেন বড়ঘোপের অমজাখালীর বশির আলমের ছেলে বোটের মাঝি এহেছান এবং আলী আকবর ডেইলের বাসিন্দা লেডু। তবে তাদের সঙ্গে থাকা কিশোর ফয়সাল এখনো নিখোঁজ রয়েছেন।
বোটের মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি ৮ জানুয়ারি রাতে মাছ ধরার জন্য নদীতে যায়। নোঙরের সঙ্গে আটকে বোটটি ডুবে গেলে ৮ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও ফয়সাল এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, বোট নিখোঁজ ও দুইজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















