কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়ন পরিষদের কারচুপি করে নির্বাচিত চেয়ারম্যানকে বাতিল ঘোষণা করেছে নির্বাচনি ট্রাইবুনাল আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মামলায় পুনঃভোট গননা ও শেষে বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সভাপতি ২০২১ সালে বিজয়ী চেয়ারম্যান আবুল কালামের রায় বাতিল ঘোষণা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদ উদ্দিন ছোটনকে (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান ঘোষণা করা হয়।
মামলায় বিজয়ী প্রার্থী কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন বলেন, ২০২১ সালে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল কালাম দলীয় প্রভাব ও ভোট কারচুপির আশ্রয় নিয়ে চেয়ারম্যান পদ ছিনিয়ে নেন।
তিনি দুটি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে মামলা করেছিলেন। দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থেকে গত ১০ জুলাই ভোট গণনায় তিনি নৌকা প্রতীকের চেয়ে ১৮৯ ভোট বেশি পান। বৃহস্পতিবার আগের প্রার্থীর ঘোষণা বাতিল করে তাকে বড়ঘোপ ইউপির চেয়ারম্যান হিসেবে ট্রাইবুনাল ঘোষণা করেন।
এই আদেশের কপি স্থানীয় নির্বাচন অফিসে এসেছে কি না -জানতে উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসের চলতি দায়িত্বে থাকা মো: মাঈনুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করেননি।
অপর দিকে শহীদ উদ্দিন ছোটনকে নির্বাচনী ট্রাইবুনালে চেয়ারম্যান ঘোষণা করার খবর পেয়ে কুতুবদিয়া সদরে বিকালে আনন্দ মিছিল বের করে সমর্থকেরা।
উল্লেখ্য, বড়ঘোপ ইউনিয়ন পরিষদে বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন।
