জাপানিজ কুমন লার্নিং সেন্টার পাহাড়ের শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপি।
শনিবার (১৬ মে) দুপুরে এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে রাঙামাটি শহরের মনোঘর আবাসিক বিদ্যালয়ে জাপানিজ কুমন সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘কুমন মেথড’ গণিত এবং ইংরেজী ভীতি দূর করবে। কোন শিক্ষার্থী সহজে গণিত এবং ইংরেজী জানলে লেখা- পড়ার ভয়- ভীতি দূর হয়ে যাবে। পাহাড়ে এ মেথড শিক্ষার প্রসারে পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে বলে মন্ত্রী যোগ করেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড় এবং সমতলের শিক্ষার উন্নয়নে ননামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন। কারণ কোয়ালিটি শিক্ষা ছাড়া শিক্ষিত জাতি গড়ে তোলা সম্ভব নয়। মন্ত্রী এসময় মনোঘরন আবাসিক বিদ্যালয়কে পাহাড়ের শিক্ষার বাতিঘর বলে উল্লেখ করেন।
মোনোঘরের সভাপতি ভদন্ত শ্রদ্বালংকার মহাথেরোর সভাপতিত্বে এসময় ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্র্যাক লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, এমইউএফজি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এফআই) গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি নিশান চাকমা ও জাইকার বাংলাদেশ অফিসের স্পেশাল এডভাইজার কিয়োশি আমাদাসহ সংশ্লিষ্ট অনেকে।
বক্তব্য পরবর্তী কুমন মেথড সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন, মোনোঘরের শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন আগত অতিথিরা।
ব্র্যাক কুমন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, মনোঘর আবাসিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ এবং ৫ ম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীকে ‘ কুমন মেথড’ শিক্ষা প্রদান করা হচ্ছে।
