বাক-স্বাধীনতার অপব্যবহার করে দেশে-বিদেশে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার চালানো ব্যক্তিদের নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার নামে গালিগালাজের এই প্রবণতা আর বাড়তে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক-স্বাধীনতা নিশ্চিত করা হলেও তা সীমাহীন নয়; রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে ‘যুক্তিসঙ্গত বিধিনিষেধ’ প্রযোজ্য। এসব বিধিনিষেধকে আরও স্পষ্টভাবে আইনের আওতায় আনার প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় জড়িয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
এ সময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় সংসদীয় রীতিনীতি মেনে জনগণের ম্যান্ডেটকে সম্মান করা জরুরি। সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
