কেপিএম শ্রমিক, কর্মচারীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি


কেপিএম শ্রমিক–কর্মচারীদের ন্যায্য দাবি আদায় না হলে সকলকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন শ্রমিক–কর্মচারী পরিষদ (সিবিএ) নেতৃবৃন্দ। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডে (কেপিএম) কর্মরত শ্রমিক–কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেপিএম প্রধান ফটকে গেট মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় কেপিএম শ্রমিক–কর্মচারী পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক সুচনা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক–কর্মচারীদের জন্য ‘এক কর্পোরেশন—এক বেতন কমিশন’ ঘোষণা করতে হবে। সরকার ২০২৩ সালের জুলাই থেকে কর্মচারীদের যে ৫% বিশেষ সুবিধা এবং ২০২৫ সালের জুলাই থেকে মূল বেতনের ওপর ১৫% হারে সুবিধা দিয়েছে, সেই সুবিধা শ্রমিকদেরও দিতে হবে।’
তিনি আরও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের মতো উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক–কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা দূর করে দ্রুত তাদের পদোন্নতি দিতে হবে। পাশাপাশি কারখানায় কর্মরত অস্থায়ী/আউটসোর্সিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে ন্যায্য মজুরি দিতে হবে।
তিনি অভিযোগ করেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করত এবং পরবর্তীতে শ্রমিকদেরও দেওয়া হতো। কিন্তু বিগত ২০২৩ সাল থেকে শ্রমিকরা এই মহার্ঘ্য ভাতা পাচ্ছে না। তাই অবিলম্বে মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে।
গেট সভায় সিবিএর সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির, আবুল কাশেমসহ অন্যান্য সিবিএ নেতৃবৃন্দ ও শ্রমিক–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

















