কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৩টি অবৈধ ট্রলিং বোটসহ ৫৩ জেলে আটক


সাগরে দুটি পৃথক অভিযান চালিয়ে ৩টি ট্রলিং বোট ও জালসহ ৫৩ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। সাগরে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ শিকার করায় তাদেরকে আটক করা হয়। এ সময় ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।
তিনি জানান, বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।
এছাড়া অপর একটি অভিযানে কোস্ট গার্ড গত মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খাটখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। পরে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















