প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৩০ মার্চ) সকালে নিজ কার্যালয়ে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা ক্রীড়া কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। ক্রীড়া কার্ডের সঙ্গে বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে। সরকারের লক্ষ্য ধাপে ধাপে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।
এই বেতনের আওতায় আসা ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রতি চার মাস পর পর মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স ভালো থাকলে সুবিধা অব্যাহত থাকবে, আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়তে হবে।
সব ক্রীড়াবিদের জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর পরিমাণ এখনও ঘোষিত হয়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী এটি পরে প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া কার্ড কার্যক্রম দেশের ক্রীড়াবিদদের জন্য একটি বড় প্রেরণা হবে, যা তাদের প্রতিভা বিকাশ, আন্তর্জাতিক মানের প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়ার মানোন্নয়নে সহায়ক হবে।
