parbattanews

খরস্রোতা সাংগু নদীতে ভাসতে থাকা পাহাড়ি যুবকদের উদ্ধার করলো বাঙালি যুবকরা

উদ্ধারের পর বাঙালি নারীদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন পাহাড়ি তরুণী মিথিলা। ছবি : ভিডিও থেকে নেয়া

পাহাড়ের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা মারমা গার্ল মিথিলা ও কয়েকজন পাহাড়ি যুবক মানবতার আহবানে সাড়া দিয়ে বান্দরবানের ত্রাণ বিতরণ করতে গিয়ে সাংগু নদীতে নৌকা উল্টে দুর্ঘটনার শিকার হয়ে নদীর স্রোতে ভাসতে থাকেন এবং তাদের প্রাণ বিপন্ন হয়ে পড়ে। খবর পেয়ে কয়েকজন বাঙালি যুবক প্রাণের ঝুঁকি নিয়ে খরস্রোতা সাংগু নদীতে নৌকা চালিয়ে গিয়ে মিথিলাসহ পাঁচ ছয় জন পাহাড়ি যুবককে উদ্ধার করে। এ সময় মিথিলা ও পাহাড়ি যুবকদের কৃতজ্ঞতা স্বরূপ বাঙালি যুবকদের প্রতি গভীর কৃতজ্ঞতায় প্রণাম জানাতে দেখা যায় এবং আবেগে পাহাড়ি যুবকরা বাঙালি যুবকদের ধরে কান্না করতে দেখা যায়। নিরাপদে উদ্ধারের পর তাদেরকে সেখানকার বাঙালি নারীরা বাড়িতে নিয়ে সেবা ও শুশ্রুষা করে সুস্থ করে তোলে।

নিরাপদে তীরে পৌঁছার এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই্ এমন মহৎ কাজকে পাহাড়ি-বাঙালির সৌহার্দ ও সম্প্রীতির উদাহরণ বলে আখ্যায়িত করে।

পাহাড়ি-বাঙালি বিভেদ তৈরি অপচেষ্টা ও শান্তি বিনষ্টকারীদের সমালোচনা করে অনেকে ভিডিওর ক্যাপশনে লিখছেন, পাহাড়ি-বাঙালি ভাই ভাই, দেশ রক্ষায় সবাইকে পাশে চাই’।

দুর্ঘটনার শিকার ওই পাহাড়ি কন্টেন্ট ক্রিয়েটর তাঁর ‘মারমা গার্ল মিথিলা’ নামের ফেইসবুক পেইজের পোস্টে লিখেছেন, ‘আমরা যে,পরিস্থিতিতে পড়েছি, সেটা অন্য কারো সাথে না হোক, যারা এই বন্যায় সময়ে ত্রাণ বিতরণ করতে যাবেন, পরিস্থিতি যাচাই করে নিজেদের সেফটি কথা চিন্তা করে যাবেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা জীবনের কারো সাথে না হোক। ঘটনা গুলো মনে করলে সত্যি বুকটা ভারী হয়ে আসে। নৌকা উল্টে ডুবে যাওয়ার পর নয় থেকে দশ মিনিট সাঙ্গু নদী উত্তাল পানিতে ভেসে ভেসে জীবন বাঁচানোর যে,লড়াই করেছি, যে সার্ভাইভ করেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। উত্তম কাজে স্বয়ং ভগবানও সামিল হয় সেটা আবারও প্রমাণ পেলাম।’

Exit mobile version