parbattanews

খাগড়াছড়িতে টানা বৃষ্টি, ভোগান্তিতে নিচু এলাকার মানুষজন

খাগড়াছড়িতে তিনদিন ধরে টানা বৈরী আবহাওয়া। সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বাড়ছে নদী, ছড়া ও খালের পানি। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছে নিচু এলাকার মানুষজন।

জেলা সদরের মুসলিমপাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদী বাগের একাংশ এবং মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারের সড়ক তলিয়ে গেছে। বিঘ্নিত হচ্ছে চলাচল।

টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে ছোটখাটো আশঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রশাসনের তৎপরতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে পানিবন্দি ও জলাবদ্ধতায় থাকা পরিবারগুলোর জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকা শতাধিক ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা করে তাদের সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, আপাতত সব ধরনের সচেতনতামূলক ও দুর্যোগ মোকাবিলার কার্যক্রম নেওয়া হয়েছে। আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ মুহূর্তে তেমন একটা পাহাড়ধসের শঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Exit mobile version