খাগড়াছড়িতে প্রার্থিতা ফিরে পেলেন সমীরণ দেওয়ান


নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।
সমীরণ দেওয়ান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ঘাটতির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এর আগে একই আসনে নির্বাচন কমিশনে আপিল করে গত সোমবার প্রার্থিতা ফিরে পান স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা।
৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় দাখিল করা ১৫টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়। পরে একাধিক প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।
ইসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নতুন করে বৈধ হওয়া তিনজন প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

















