খাগড়াছড়ির গুইমারা উপজেলার পিলাক খাল খননের কাজে নিয়োজিত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গেলো রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা প্রশাসন ও পুলিশ।
জানা যায়, আজ সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় খনন কাজের সাথে যুক্ত শ্রমিক ও স্থানীয়রা স্কেভেটরটি আগুনে পোড়ানো অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের অভিযোগ, গুইমারায় খাল খনন প্রকল্পের থেকে চাঁদা দাবি করে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। ধারণা করা হচ্ছে চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর আগে চাঁদা না দেওয়ায় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না জানান, দুর্বৃত্তদের আগুনে স্কেভেটারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়েছেন তিনি।
গত বুধবার খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া গুইমারা উপজেলার পিলাক খাল খননের কাজে উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে পিলাক খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
