মো. আবুল কাসেম, খাগড়াছড়ি থেকে ॥
খাগড়াছড়ি জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনে বুধবার সন্ধ্যা ৭.৩০টায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে ঘটনাস্থলে কোন ধরনের ককটেল বিস্ফোরনের আলামত খুঁজে না পাওয়া ও সংবাদটি মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি আরও জানান, ডিউটিরত অবস্থায় তিনি জানতে পারেন, খাগড়াছড়ি আদালত সড়কে ককটেল বিস্ফোরনের আওয়াজের মতই দু’টি আওয়াজ হয়েছে। তাৎক্ষনিকভাবে খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মিজানুর রহমানসহ তিনি পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনা্স্থল পরিদর্শন করেন। অথচ ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি। এমনকি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ডিউটিরত নৈশপ্রহরী এ ধরনের কোন ঘটনা সেখানে ঘটেনি বলে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান।
এদিকে, ককটেল বিস্ফোরণ ঘটনাটি রাত ১০.৩০ টার দিকে গণমাধ্য, প্রচার করা হলে খাগড়াছড়িতে আতংক ছড়িয়ে পড়ে। একটি সূত্র জানায়, সংবাদটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের ঘটনা ঘটলে ঘটনাস্থলে একাধিক পুলিশ মোতায়েন করা হত। অথচ ঘটনাস্থল স্বাভাবিক অবস্থায় রয়েছে। আওয়াজ দু’টি শিশুদের আতশবাজির আওয়াজও হতে পারে সূত্রটি জানান।
ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইনে মিডিয়াতে এ ধরনের সংবাদ প্রচারের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি ককটেল বিস্ফোরন ঘটেছে বলে কোন সাংবাদিককে স্বীকারোক্তি দেয়নি। অথচ কোনো কোনো মিডিয়া বক্তব্য বানিয়ে আমার নাম ব্যবহার করে মনগড়া মন্তব্য লিখেছেন এবং তা প্রচারও করেছেন-এটি দুঃখজনক।