শংকর চৌধুরী:
পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা ও তাৎপর্য তুলে ধরে সকলকে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আসন্ন ঈদুল আযহা পালনের আহব্বান জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
শুক্রবার পবিত্র ঈদুল আযহা। মাঝে আর মাত্র একটি দিন বাকী। তাই ঈদকে ঘিরে এখন পাহাড়ে বইছে উৎসবের আমেজ। দেশের অন্যসব অঞ্চল থেকে পার্বত্যাঞ্চলে ঈদ-উৎসব অনেকটা ব্যতিক্রমী। উৎসবে মুসলিম সম্প্রদায় ছাড়াও মেতে ওঠেন পাহাড়ি জাতিগোষ্ঠীসহ অন্য সব ধর্ম, বর্ণ, জাতি ও সম্প্রদায়ের নর-নারী। এতে ঈদ উৎসব পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায়।
এর ফলে জাতিতে জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মাঝে ঘটে ভালোবাসার মেলবন্ধন। প্রতি বছর ঈদ উপলক্ষে পর্যটন স্পটগুলোতে অগণিত মানুষের ঢল নামে। উৎসব-আনন্দ উপভোগ করতে পর্যটক ছাড়াও স্থানীয়রাও স্পটগুলোতে ভিড় জমান। এই জন্য পর্যটক বরণে প্রস্তুত পর্যটন নগরী পাহাড় রাণী খাগড়াছড়ি প্রস্তুত অতিথিদের জন্য। এছারাও শান্তিপূর্ণভাবে জেলার মানুষ যাতে ঈদ উৎসব পালন করতে পারে, সেজন্য জেলাব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।
খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে খাগড়াছড়ি শহরের রাস্তাগুলো বর্ণিল পতাকা ও সুদৃশ্য তোরণে সজ্জিত করা হচ্ছে। ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। খাগড়াছড়িতে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৪৫ টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে । প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন এই ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূলে না থাকলে ঈদের এ জামাত কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এই ছারাও শহরের অন্যান্য জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১নং কদমতলী জামে মসজিদে সকাল ৮ টায়, ও সিঙ্গিনালা জামে মসজিদ, মোহাম্মদ বায়তুল মামুর জামে মসজিদ, শালবাগান কবরস্থান রহমানিয়া জামে মসজিদে সকাল ৮.১৫ টায়, শান্তিনগর জামে মসজিদ, পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, খেজুর বাগান জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, বায়তুল নুর জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদ, পূব ইসলামপুর জামে মসজিদ, গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদ ও গোলপাড়া জামে মসজিদে ৮.৩০টায়, এবং নতুন পুলিশ লাইন জামে মসজিদ, শালবাগান জামে মসজিদ,কুমিল্লা টিলা জামে মসজিদ, গারাঙ্গীয়া জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, উত্তর গঞ্জপাড়া জামে মসজিদ ও দক্ষিণ গঞ্জপাড়া জামে মসজিদে সকাল ৮.৪৫ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ দেশের শান্তি-সমৃদ্ধি তথা মুসলিম উম্মাহর জন্য এ দিন বিশেষ মোনাজাত করবেন। অন্যদিকে একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হবে এই ঈদের দিন।
