
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গরীব-দুঃস্থ ও বিধবা নারীদের তিনমাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পাজেপ’র সম্মেলন কক্ষে পাজেপ সদস্য ও গরীব-দুঃস্থ ও বিধবা নারীদের তিনমাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আহ্বায়ক শতরূপা চাকমার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আর এ জনসংখ্যাকে যত বেশি শিক্ষিত ও জনশক্তিতে রূপান্তর করা যাবে ততই দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা, আশুতোষ চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা মহিলা অধিদপ্তরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ূয়া ও শহর সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম প্রমুখ।
জেলার তিনটি উপজেলা (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, লক্ষীছড়ি ) উপজেলার মোট ৫০ জন নারীকে প্রশিক্ষণ শেষে ৫০টি সেলাই মেশিন দেওয়া হয়।