খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে গ্রাম্য মেলায় জুয়াড়ী ধরতে গিয়ে পাহাড়ি গ্রামবাসীর হামলায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সহ আট পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। ঘটনার প্রায় বার ঘণ্টা পর শনিবার সকালে খাগড়াছড়ি সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
জানা গেছে, শুক্রবার কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মেলায় রাতে জুয়াড় আসর বসায় মেলা কৃর্তপক্ষ। বিষয়টি জানতে পেরে রাত ৯টার সময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সারোয়ার আলমের নেতৃত্বে খাগড়াছড়ি সদর থানার ওসিসহ পুলিশ জুয়াড়ীদের ধরতে গেলে পাহাড়ী গ্রামবাসীসহ জুয়াড়ীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সারোয়ার আলম (৩৯) ও খাগড়াছড়ি সদর থানার ওসি মো: মিজানুর রহমান(৪০) সহ আট পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো: সারোয়ার আলম মাথায় গুরুত্বর জখম হয় এবং অন্যদের হাতে-পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এসময় গ্রামবাসীরা খাগড়াছড়ি সদর থানার ওসি’র গাড়ীও ভাঙচুর করে।
খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান জানান, সরকারি কাজে বাঁধা, পুলিশ সদস্যদের আহত ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মেলা কর্তৃপক্ষের সদস্য বীর বাবু চাকমাসহ দশ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে সদর থানায় মামলা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
