জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ॥
১০ম জাতীয় সংসদ নির্বাচনের হালনাগাদ ভোটার তালিকার বিক্রয়মূল্য নির্ধারণ করেছে জেলা নির্বাচন অফিস। পে-অর্ডার বা ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত মূল্য বা জামানত জমা দিয়ে এ ভোটার তালিকা ক্রয়/সংগ্রহ করা যাবে। জেলা নির্বাচন অফিস, খাগড়াছড়ির নোটিশ বোর্ডে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় উল্লেখ রয়েছে খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলার মোট ৩৮টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়ন ওয়ারী ভোটার তালিকার মূল্য-৫শ টাকা, তিনটি পৌরসভার মধ্যে প্রতিটি ওয়ার্ড-৫শ টাকা নির্ধারন করা হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, মাটিরাঙ্গা ও রামগড় পৌরসভার ৯টি ওয়ার্ড করে ২৭টি ওয়ার্ডের ভোটার তালিকার সর্বমোটমূল্য-১৩ হাজার ৫শ টাকা নির্ধারন করা হয়। ভোটার তালিকা ক্রয়ের ট্রেজারী কোড নং-১/০৬০১/০০০১/২৬৩১ ও ৬/০৬০১/০০০০/৮৪৭৩। ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ২৭টি ওয়ার্ডের হালনাগাদ ভোটার তালিকা ক্রয় করতে হলে জামানত বাবদ ২০ হাজার টাকা ট্রেজারী চালান বা পে-অর্ডারের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে ভোটার তালিকা ক্রয়/সংগ্রহ করা যাবে জেলা নির্বাচন অফিস সূত্র জানায়। তবে এখনও পর্যন্ত কোন দল বা প্রার্থী এ ভোটার তালিকা সংগ্রহ করেননি বলে সূত্র জানায়।