parbattanews

খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সোলায়মান শেঠ: পথে ঝাড়ু ও জুতা মিছিল

jp

স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মো: সোলায়মান আলম শেঠ। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাসুদ করিম‘র কাছ থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির (এরশাদ) শীর্ষ নেতা।। মনোনয়ন ফরম সংগ্রহকালে এ নেতার সাথে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক নুর আফছার রনি, সহ-দপ্তর সম্পাদক কায়সার হামিদ মুন্না, খাগড়াছড়ি জেলা সভাপতি নিরাপদ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আলহাজ্ব মো. সোলায়মান আলম শেঠ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসন ছাড়াও চট্টগ্রাম-৯ আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে লড়বেন। এর আগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসার পথে বেলা ১১টার দিকে মাটিরাঙ্গার গুইমারা বাজারে জুতা ও ঝাড়ু মিছিলের কবলে পড়েন তিনি। পরে পুলিশের সহয়তায় প্রথম দফায় রক্ষা পেলেও মাটিরাঙ্গার প্রবেশদ্বার ধলিয়া ব্রিজ এলাকায় দ্বিতীয়বারের মতো অবরোধকারীদের বাধার মুখে পড়েন। এসময় অবরোধকারীরা তাকে উদ্দ্যেশ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে পুলিশী সহায়তায় জাপা নেতা মো. সোলায়মান আলম শেঠ খাগড়াছড়ি পৌছেন।

Exit mobile version