খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার দাদা ও দাদির কবর জিয়ারত করেছেন।
এ সময় জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার চাচা আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।
এর আগে, গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। এদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।

















