খালেদা জিয়ার মৃত্যুতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির শোক


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির চেয়ারম্যান মোহাম্মদ জোবায়েরের স্বাক্ষরিত এক শোকবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি ছিলেন একজন প্রখ্যাত জাতীয় নেত্রী, যার অবদান বাংলাদেশের রাজনৈতিক জীবনে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
শোক বার্তায় আরও বলা হয়, এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার, তাঁর সমর্থকবৃন্দ এবং সমগ্র জাতির পাশে সংহতি প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর আত্মাকে শান্তিতে রাখুন এবং এই কঠিন সময়ে তাঁর প্রিয়জনদের ধৈর্য ও শক্তি দান করুন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

















