বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ শোক জানান তিনি।
শোকবার্তায় মমতা লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।
মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
