গণভোট ব্যর্থ হলে আমাদের সন্তানদের আবার জীবন দিতে হবে: মনির হায়দার

fec-image

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেছেন, গণভোট যদি ব্যর্থ হয়, তাহলে পরেরবার আপনার-আমার সন্তানদের জীবন দিতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১২ জানুয়াই) রাজশাহী মেডিকেল কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সভাটি পরিচালিত হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ফ্যাসিবাদ পথ চিনে গেছে। পরেরবার খুব দ্রুতই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আপনার-আমার সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ রাখতেই জুলাই সনদ ও গণভোটে জনগণের সম্মতি প্রয়োজন।

তিনি আরও বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় কোনো ধরনের বিধিনিষেধ নেই।

উপস্থিত কর্মকর্তাদের আশ্বস্ত করে তিনি বলেন, গণভোটে কোনো প্রার্থী নেই-গণভোট আমাদের সবার এজেন্ডা। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণভোট, প্রধান উপদেষ্টা, মনির হায়দার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন