রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল চৌধুরীসহ একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে বাইকচালক সোহেলের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য আলোচিত। স্থানীয়দের দাবি, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান।
রামু থানার ওসি মুনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
