parbattanews

গর্জনিয়ায় রাস্তা দখল করে কলাগাছ রোপণ

রামুর গর্জনিয়ায় শাহ সুজা সড়কের রাজঘাট টু টাইমবাজার প্রাচীন রাস্তার একটি বড় অংশ দখলে নিয়ে কলাগাছ রোপণ করেছে প্রভাবশালী চক্র।

রবিবার (২৩ জুলাই) দুপুরে এ কাণ্ড ঘটান তারা। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

স্থানীয়রা জানান, দুই যুগ আগে রাজঘাট টু টাইমবাজার প্রাচীন রাস্তাটি নির্মিত হয়। সেই থেকে সড়কের টেকসই এর জন্য গাইড ওয়াল, দুটি কালভার্ট ও সরকারের বহু টাকা ব্যয় করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানগণ। কিন্তু বর্তমান নৌকার চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী এ সড়কের উন্নয়নের জন্য বরাদ্দ দিলে উল্টো সড়কটি দখলে নিতে কলাগাছ রোপণ করে দিয়েছে মোহাম্মদ ইদ্রিস সিআইপি নামের প্রভাবশালী গং।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে এলাকায়। অত্যন্ত গরুত্বপূর্ণ এ সড়কটির দখল হয়ে যাওয়া অংশটি উদ্ধারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

এ প্রসঙ্গে জনতে চাইলে মোহাম্মদ ইদ্রিস সিআইপি বলেন, সড়কটিতে তাঁর জমি পড়ায় তিনি পরিমাপ করে নিজের আয়ত্তে নিয়েছেন। সড়কের জন্য জমি রেখে দিয়েছেন বলেও জানান তিনি।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রাচীন এ সড়কটিতে কলাগাছ রোপণ করে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে প্রভাবশালীকর্তৃক। এতে তিনি হতবাক হয়েছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা স্বর্ণা বলেন, এ ব্যাপারে সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সে যে হোক কেউ রাস্তার জমি দখলে নিতে পারবে না বলেও জানান তিনি।

Exit mobile version