গাছ মরলেও আমাদের দেয়, বাঁচলেও আমাদের দেয় বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক (ডিসি) বলেন, পৃথিবীর ৮০০ কোটি মানুষ কার্বনডাই অক্সসাইড ছেড়ে বায়ুমণ্ডল উত্তাপ করছে। গাছ না থাকলে বায়ুমণ্ডলে উত্তাপ রোধ করা সম্ভব নয়। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারাসাম্য বজায় রাখতে গাছ লাগানোর পরামর্শ দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং মেলায় অংশ নেওয়া নার্সারী মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
