parbattanews

গুইমারায় রাস্তা নির্মাণকাজে শ্রমিকদের মারধর, চাঁদা দাবির অভিযোগ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ১ নম্বর মুড়াপাড়া এলাকায় রাস্তা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১৬ জন শ্রমিক আহত হয়েছেন। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের আঞ্চলিক সংগঠক নিশান মারমা। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন দুপুর আনুমানিক আড়াইটার দিকে মুড়াপাড়া এলাকায় নতুন রাস্তা নির্মাণকাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি শ্রমিকদের জিম্মি করে মারধর করে। এতে আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন ও বেলাল হোসেনসহ ১৬ জন শ্রমিক আহত হন। আহতরা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত অর্থ থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। চাঁদার টাকা পরিশোধ না করায় শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সিন্দুকছড়ি জোনের সহায়তায় আহত শ্রমিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনী। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

গুইমারা থানার ওসি সৌরাবর্দী বলেন, ঘটনার খবর পেয়ে যৌথবাহিনীসহ ঘটনাস্থলে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

Exit mobile version