parbattanews

গুইমারায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় আগাম প্রস্তুতি

খাগড়াছড়ির গুইমারায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার বিষয়ে আগাম প্রস্তুতি বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ধেয়ে আসা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে গুইমারায় উপজেলায় তিনটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গ্রাম প্রতিরক্ষাবাহিনী, স্বাস্থ্য ও ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে গুইমারা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় এ সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় থানা অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার্বক্ষনিক দুর্যোগ নিয়ন্ত্রন কক্ষ চালু রাখাসহ উপজেলা সদরে একটি, হাফছড়িতে একটি, সিন্দুকছড়িতে একটি মোট তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়। সভায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখাসহ সচেতনতামূলক মাইকিং, পাহাড় ধ্বসসহ জরুরি প্রয়োজনে সম্মিলিতভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Exit mobile version