গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ


রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের উত্তর পাশে, অর্থাৎ জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে আকস্মিক এই বিস্ফোরণগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হঠাৎ করেই ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পর পর বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই আমাদের থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।
তিনি আরও যোগ করেন, ঘটনাস্থলটি ঠিক আমাদের থানা এলাকায় পড়েছে কিনা বা এর আইনগত দিক কী, তা কর্মকর্তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

















