parbattanews

ঘুমধুমে ছুরিকাঘাতে যুবক নিহত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় জায়গা বিরোধের জেরে সাজু বড়ুয়ার ছুরিকাঘাতে রতন বড়ুয়া (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি বড়ুয়া পাড়ার অরিন্দ্র বড়ুয়ার ছেলে।

বুধবার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে নিহত রতন বড়ুয়ার পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার অন্তুপ্রু বড়ুয়ার (৪৫)’র সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিরোধের জেরে বুধবার রাতে অনিল বড়ুয়ার দোকানের সামনে এসে রতন বড়ুয়ার সাথে অন্তুপ্রু বড়ুয়ার বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে অন্তুপ্রু বড়ুয়া মুঠোফোনে তাঁর ছেলে সাজু বড়ুয়াকে ঘটনাস্থলে আসতে বললে সাজু বড়ুয়া (২৪) ছুরি নিয়ে ঘটনাস্থলে এসে রতন বড়ুয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তী রতন বড়ুয়া মাটিতে লুটিয়ে পড়ে, স্থানীয় লোকজন রতন বড়ুয়াকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এম এস এফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ ভুঁইয়া। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘাতকদের গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম অভিযান অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

Exit mobile version