চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ গুরুতর আহত ৪


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও ডাম্পার গাড়ি মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়া স্টেশন সংলগ্ন এলাকায় কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার (পিকআপ) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এসময় দুটি গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় আহত একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা মহাসড়কের যানচলাচল স্বাভাবিক করে দেন এবং দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

















