চকরিয়ায় ৯ হাজার কুকুর-বিড়ালকে জলাতঙ্ক টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

fec-image

চকরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৯ হাজার কুকুর-বিড়ালকে জলাতঙ্ক টিকা দেবে স্বাস্থ্য বিভাগ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন সভাপতিত্বে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক খাইরুল আলমের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন, চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি টিকাদান কার্যক্রমের সুপারভাইজার নাদিম আহমেদ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ। এছাড়াও অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব), উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য বিভাগের টিকাদান সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে একমাস বয়সের থেকে শুরু করে পরিপক্ব বয়সের ৯ হাজার কুকুরকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রতিটি এলাকায় গ্রাম ঘুরে ঘুরে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবেন। এসময় গৃহপালিত বিড়ালকেও টিকা দেওয়া হবে। তবে বিড়ালকে জলাতঙ্ক টিকা দেয়ার ক্ষেত্রে বাড়ি মালিককে স্বাস্থ্য কর্মীদের টিকাদান স্থানে নিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিকাদান কর্মসুচি চলবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন