কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও গাছচাপা পড়ে পৃথক দুটি ঘটনায় দু’জন নিহত হয়েছে। শনিবার (২১ মে) সকাল ১০টা উপজেলার বরইতলী ও ১১ টার দিকে হারবাং এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে উত্তর হারবাং লালব্রীজ এলাকার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম থেকে পার্বত্য বান্দরবান জেলাল লামা উপজেলায় যাওয়ার পথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমানের গাড়িতে চাপা পড়ে মনির আহমদ (৭০) প্রাণ হারায় বয়স্ক পথচারী। নিহত মনির আহমদ চট্টগ্রামস্থ সাতকানিয়া উপজেলার আবুল খায়েরের ছেলে।
এসময় ওই পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে যুগ্ম সচিবের সরকারি গাড়িটি উল্টে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান ও গাড়ি চালক মোহাম্মদ হাছান (৪০) মারাত্মক ভাবে আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

কক্সবাজার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার এসআই মোরশেদ আলম ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিত গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
অপরদিকে, সকাল ১০টার সময় প্রবল বর্ষণ ও কাল বৈশাখী ঝড়ের সময় গাছ চাপা পড়ে একই ইউনিয়নের শান্তিনগর এলাকার নুর হোসেনের ছেলে আব্দু শুকুর (৪০) মারাত্মকভাবে আহত হয়। উন্নত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ।
