চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১


চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সিএনজি চালকের নাম হাসান মিয়া (২২)। তার বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। গ্রামের বাড়ি বরিশালের লালমোহনে। আহত সিএনজি যাত্রীর নাম গিয়াস উদ্দিন। বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ি কৃষ্ণপুর, চকরিয়া, কক্সবাজার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ১৪-১৩৭০) দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি (চট্টগ্রাম-থ ১২-৮৩৬৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মুহূর্তেই সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাতে থাকা চালক হাসান (২২) ও যাত্রী গেয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত গেয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে.কে. মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। তবে কাভার্ড ভ্যানের চালক চট্টগ্রামের বোয়ালখালীর শিব বড়ুয়া দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

















