চবি শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার


হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাসউদ খান জয় নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় আউটার রিং রোডসংলগ্ন সানসেট পয়েন্ট বিচ অ্যান্ড রিসোর্টের দক্ষিণে কাঁশবনের ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জয় বন্দর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করেছিলেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, জয়ের মৃত্যু রহস্যঘেরা। তার দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে কী এটা কী খুন, নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য বের করতে কাজ করছে। এই ঘটনায় তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
বন্দর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, রবিবার রাতে কাশবনের ভেতরে রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা টহল পুলিশকে বিষয়টি জানায়। পরে পার্শ্ববর্তী হালিশহর থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবার এসে তার লাশ শনাক্ত করে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

















