parbattanews

চাঁদপুরে তরুণীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক তরুণীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান। এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে আরেক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করে তিনি আলোচনায় আসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর পেট থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

অস্ত্রোপচারকারী সার্জন মো. আরিফ উল হাসান বলেন, ‘রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগী সুস্থতার পথে রয়েছেন।’

প্রসঙ্গত, মফস্বল পর্যায়ে জটিল অস্ত্রোপচার পরিচালনার জন্য ডা. মো. আরিফ উল হাসান ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। ২০২৪ সালের এপ্রিলে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই অপসারণ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। ঘটনাটি সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

Exit mobile version