নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থান কাপড়ের ব্যবসায়ী আমির হোসেনের গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়িতে দু’টি গুলি লাগলেও কেউ হতাহত হননি।
রোববার ( ১ ফেব্রুয়ারি) সন্ধায় সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে নিজ গাড়িতে করে আড়াইহাজার সদর এলাকা থেকে মাহমুদপুরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পৌরসভার বাইপাস সড়কে পৌঁছালে অন্ধকারের সুযোগ নিয়ে চলন্ত একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তার গাড়িকে লক্ষ্য করে পরপর দু’টি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। একটি গুলি গাড়ির সামনের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে, অপরটি পাশের জানালার কাঁচ ভেদ করে গাড়ির ভেতরে প্রবেশ করে।
এ ঘটনায় আমির হোসেন নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে আড়াইহাজার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
