মানিকছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ফিল্ডের ৬নং কুপের গ্যাস শনিবার থেকে জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। খনন কাজ শেষে রাশিয়ান কোম্পানী গেজফর্মের সহযোগী প্রতিষ্ঠান কে.এন বাপেক্সকে তা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নতুন সংযোজিত গ্যাসের প্রেসার (গতি) সনাক্ত করতে ব্যর্থ হচ্ছে বাপেক্স! ফলে কী পরিমাণ গ্যাস জাতীয় গ্রীডে যাচ্ছে তা জানাতে পারেনি সংশ্লিষ্টরা।
সেমুতাং ঘুরে এসে, মানিকছড়ি সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কালাপানি এলাকায় সেমুতাং গ্যাসফিল্ডটি অবস্থিত। এ গ্যাস ফিল্ডের ৫ নং কুপ থেকে ২০১১ সালের ডিসেম্বরে প্রথম গ্যাস জাতীয় গ্রিডে সংযোগ হয়। শুরুতে গ্যাসের গতি ১৫শ-১৭শঘনফুট থাকলেও পরবর্তীতে তা নিন্ম পর্যায়ে চলে আসে। এতে বাপেক্স চিন্তিত হয়ে পড়ে। পরে বাপেক্স পুরাতন (দেবে যাওয়া) ১নং কুপের পাশে পাহাড় বেষ্টিত ৬নং কুপ খনন শুরু করে রাশিয়ান কোম্পানী গ্যাজপ্রম’র সহযোগি প্রতিষ্ঠান (বাংলাদেশী) ড. হাসান মাহমুদ চৌধুরীর পরিচালনাধীন কে.এন। ১৯ জানুয়ারী-২০১৪ খ্রি. থেকে খনন কাজ পুরোদমে শুরু করায় ফেব্রুয়ারী মাসে তা শেষ হয়। এর পর ৫ নং (চলমান) কূপ থেকে ৬নং পর্যন্ত পাইপ লাইন সংযোগ শেষে গত ১২ মার্চ অগ্নি প্রজ্জলনের মাধ্যমে তা পরীক্ষামুলক সম্প্রচার শুরু করে। কিন্তু তাতে সফলতা না আসায় দীর্ঘ এক মাস পুনঃরায় কূপে কাজ চলতে থাকে।
গত ১১ এপিল শুক্রবার রাত সাড়ে ৯টা দীর্ঘ ১৮ ঘন্টা নিরলস চেষ্ঠার পর গতকাল শনিবার দুপুর ১টা থেকে জাতীয় গ্রীডে যুক্ত হয় গ্যাস। গ্যাসের প্রেসার উঠানামা করায় সংযোজিত গ্যাসের পরিমাণ জানাতে পারেনি বাপেক্সের প্রকৌশলীরা। তবে কুপের পরীক্ষা-নিরিক্ষায় ব্যস্ত থাকতে দেখা গেছে সংশ্লিষ্টদের।
এসব খবরের সত্যতা জানতে গ্যাসফিল্ডের ইনচার্জ মো. মাহাবুবুর রহমানের মুঠোফোনে গতকাল শনিবার ফোন করলে তিনি সংযোগের সত্যতা নিশ্চিত করলেও জাতীয় গ্রিডে কী পরিমাণ গ্যাস যাচ্ছে তা না জানিয়ে ব্যস্ততার কথা বলে লাইন কেটে দেন। বিকাল ৪টা-৫টা পর্যন্ত গ্যাসফিল্ডে অবস্থা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে এ কূপে গ্যাসের প্রেসার খুবই কম। ফলে বাপেক্স কর্তৃপক্ষ পরিমানের বিষয়টি এ মূহুর্তে প্রকাশ করতে চাইছে না।
কে.এন ফার্মের প্রতিনিধি প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, অত্যান্ত সফলতার সহিত নির্ধারিত সময়ে খননকাজ শেষ করে গত ১১ এপিল রাতে এ কূপটি বাপেক্সকে বুঝিয়ে দিয়েছি। ফলে এ কুপের গ্যাস ৫নং কূপের সংযোগে মিলিত হয়ে সরাসরি জাতীয় গ্রীডে যুক্ত হলো। এদিকে নতুন কূপের সর্বশেষ অবস্থা সরজমিনে দেখতে গতকাল দুপুরে বাপেক্সের এম.ডি এম.এ.বাকী ফিল্ড পরিদর্শন করেছেন।
