parbattanews

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

সোমবার সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল আরও বলেন, ‘জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন, তাহলে এটা অন্যায় করেছেন। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।’

এছাড়া জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে করা সাম্প্রতিক পোস্টের বিষয়ে তিনি বলেন, জামায়াত আমির যদি নারীবিদ্বেষী মন্তব্য করে থাকেন, তবে তা অন্যায়। তিনি আরও উল্লেখ করেন, দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে এবং বিএনপি সব দলকে নিয়ে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।’

এসময় তিনি ভোটারদের সাথে কুশলবিনিময় করেন ও আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট চান।

Exit mobile version