parbattanews

জামায়াত আমিরের ‘পিএস’ জুবায়েরের তদন্ত দাবি রাশেদ খাঁনের

শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামীর আমিরের ‘পিএস’ পরিচয়দানকারী জুবায়ের নামের এক ব্যক্তির ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন টকশো আলোচক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

বুধবার (৮ জুলাই) ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, জুবায়ের নামের ওই ব্যক্তি বুয়েট শিবিরের সাবেক সভাপতি বলে পরিচিত। তিনি শহীদ ওসমান হাদীকে ঢাকা-৮ আসনে নির্বাচন না করার জন্য বারবার নিষেধ করেছিলেন। ওসমান হাদীকে বলা হয়েছিল, এই আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবেন, তাই অন্য আসনে গিয়ে নির্বাচন করতে। কিন্তু ওসমান হাদী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসনেই নির্বাচন করবেন।

বিএনপি নেতা আরও লিখেছেন, ‘ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে বিতর্ক সৃষ্টি হবে, এজন্য আর সাদিক কাইয়ুমকে নমিনেশন দেয়নি জামায়াত। এমন তথ্যই আমার কাছে এসেছে।’

জুবায়ের সম্পর্কে তিনি জানান, এই ব্যক্তি আগে আমেরিকায় থাকতেন। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এছাড়া জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, কিছুদিন আগে শহীদ ওসমান হাদীর ভাইও ফেসবুকে জুবায়ের সম্পর্কে পোস্ট করেছিলেন। তিনি লেখেন, ‘আমি তাকে মোটেও সন্দেহের চোখে দেখছি না। কিন্তু তদন্তের স্বার্থেই জুবায়ের সম্পর্কে প্রশাসনের জানা দরকার। জুবায়ের কি এখনো দেশে আছে নাকি আবারও আমেরিকায় ব্যাক করেছে?’

বিএনপি নেতা প্রশ্ন তোলেন, ‘কে এই জুবায়ের? তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি।’

Exit mobile version