বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী দলের জন্য নেতা নির্বাচন করেনা, দেশের স্বার্থে উন্নয়নের জন্য নেতা নির্বাচিত করে থাকে। তিনি বলেন, কক্সবাজার-২ আসন খুবই গুরুত্বপূর্ণ, এই আসনে হামিদুর রহমান আযাদকে কুতুবদিয়া-মহেশখালীর উন্নয়নে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কক্সবাজার-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে ও উপজেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জেলা এনসিপির আহবায়ক অধ্যাপক আখতার আলম, উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
