parbattanews

জার্মানির লক্ষ্য গ্রুপ সেরা, ইকুয়েডরের চোখ নকআউটে

ছবি সংগৃহীত।

ফিফা বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে টানা দুই জয়ে গ্রুপ পর্ব নিশ্চিত জার্মানির। প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ছন্দময় ফুটবল খেললেও গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাভাবিক রক্ষণভাগ বজায় রাখতে পারেনি জার্মানি। তাই তৃতীয় ম্যাচে ইকুয়েডেরের বিপক্ষে মাঠে নামার আগে ডিফেন্স নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উদ্বোধনী ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় দলটি। দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করে জার্মানরা।

আইভরি কোস্টের বিপক্ষে জয় পেলেও বড় ধাক্কা খেয়েছে জার্মান শিবির। ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন জার্মান রক্ষণভাগের অন্যতম ভরসা নিকো শ্লটারবেক। পরে জানা যায়, তার চোট গুরুতর এবং চলতি বিশ্বকাপের বাকি অংশে খেলার সম্ভাবনা নেই।

ইকুয়েডরের বিপক্ষে এই অনুপস্থিতি হয়তো বড় প্রভাব ফেলবে না। তবে টুর্নামেন্টের নকআউট পর্বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শ্লটারবেকের অভাব জার্মানির রক্ষণভাগে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ইকুয়েডরের সামনে নকআউটে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই। ফলে তারা সর্বশক্তি নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। ডেনিজ উন্দাভের জোড়া গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দলটি। ইকুয়েডরের বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দ্রুত গোল আদায় করে নেওয়াই জার্মানির পরিকল্পনা।

নকআউট নিশ্চিত হলেও গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে বাঁচা-মরার ম্যাচে ইকুয়েডর চেষ্টা করবে টুর্নামেন্টে নিজেদের আশা জিইয়ে রাখতে।

Exit mobile version