জিয়াউর রহমানের মূল দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ : সিলেটে মির্জা ফখরুল

fec-image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর মূল দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাইফুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দীর্ঘ ১৫টি বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। বিএনপির চেয়ারম্যান সুদূর বিলেত থেকে আমাদেরকে অনুপ্রাণীত করেছেন, আমাদের পথ দেখিয়েছেন। আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, আজকে আমরা তাঁকে মুক্ত অবস্থায় নেতৃত্ব দেয়ার জন্য এখানে ফিরে পেয়েছি। এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহাসচিব আরো বলেন, এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানির জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে আপনাদের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে। এই সিলেট সেই সিলেট যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন ইলিয়াস আলী। দীর্ঘ ১৫ বছর এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। আমাদের গণতন্ত্রের মাতা মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া অনেকবার এখানে এসেছেন। আজকে বারবার সেই কথা মনে পড়ছে। আপনারা মনে রাখবেন বিএনপি যিনি সৃষ্টি করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মূল দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মির্জা ফখরুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন